
গত অক্টোবরের গণভোটের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণা দেয়ার পর কাতালোনিয়ার পার্লামেন্ট বাতিল করে বৃহস্পতিবার আবারো নির্বাচন দেয় স্পেনের কেন্দ্রীয় সরকার। এই নির্বাচনেও স্বাধীনতাকামীদরে জয় হয়েছে।
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের দল টুগেদার ফর কাতালোনিয়া (জেএক্সক্যাট), স্বাধীনতাকামী রিপাবলিকান লেফট অব কাতালোনিয়া (ইআরসি) এবং পপুলার পার্টি ৭০টি আসনে জিতেছে।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকতে চাওয়া সিটিজেনস পার্টি (সিউদাদানোস) ২৫ শতাংশ ভোট পেয়ে মাত্র ৩৭টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনের ফল ঘোষণার পর বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে থাকা কার্লোস পুজদেমন বলেছেন, স্বাধীনতা আন্দোলন ব্যাহত করতে মারিয়ানো রাজয়ের (স্পেনের প্রধানমন্ত্রী) উদ্যোগ ব্যর্থ হয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও স্বাধীনতার পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেছেন, এই নির্বাচন নিয়ে কেউ বিতর্ক করবে না। কাতালোনিয়া প্রজাতন্ত্র জিতে গেছে। স্পেনের প্রধানমন্ত্রী এবং তার সহকারীরা হেরেছে।
মারিয়ানো রাজয় আশা করেছিলেন এই নির্বাচনে কাতালোনিয়ায় স্থিরতা আসবে। কিন্তু এই নির্বাচনের ফল দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাতালোনিয়ার সম্পর্কের আরো অবনতি ঘটাবে বলে মনে করা হচ্ছে। স্পেনের রাজনৈতিক অস্থিরতা এতে আরো বাড়বে।
ভোটের ফল নিয়ে কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আঞ্চলিক নির্বাচনের ভোটের ফল যাই হোক না কেন, কাতালোনিয়া নিয়ে তাদের অবস্থানের বদল ঘটবে না।
কে/পি




