
গত কয়েকবছর ধরেই ইউরোপিয়ান ফুটবল শাসন করছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এক কথায় বলা চলে স্পেন। তাই প্রতিবারের ন্যায় এবারও এর ব্যতিক্রম নয়। উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) ঘোষিত শতাব্দীর সেরা একাদশে স্প্যানিশ লিগের দু’দল বার্সেলোনা ও রিয়াল থেকে স্থান পেয়েছেন মোট নয়জন।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাছাই করা শতাব্দীর সেরা একাদশে বার্সেলোনার জয়জয়কার। ছয়জনই বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ৩ জন। বাকি দুজনের একজন লিভারপুলে দীর্ঘদিন খেলে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়া স্টিভেন জেরার্ড। অন্যজন বায়ার্ন মিউনিখ থেকে ধারে স্টুটগার্টে খেলতে যাওয়া ফিলিপ লাম।
ছয়জন আবার স্পেনের খেলোয়াড়। এরা হলেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়েল, সার্জিও রামোস, জেরার্ড পিকে ও ইকার ক্যাসিয়াস। সবাই লা লিগায় খেলে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
একাদশে বার্সার বর্তমান ও সাবেক ছয় তারকা হলেন লিওনেল মেসি, থিয়েরি অঁরি, জাভি, ইনিয়েস্তা, পুয়েল ও পিকে। এর মধ্যে ক্লাব ফুটবল ক্যারিয়ারে আর্সেনাল ও বার্সার হয়ে ইউরোপ মাতিয়েছেন ফ্রেঞ্চ আইকন অঁরি।
সবচেয়ে বেশি ১১ বার উয়েফার টিম অব দ্য ইয়ার’র অংশ হওয়ার গৌরব অর্জন করেন রোনালদো। মেসি আটবার বর্ষসেরা টিমে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। ক্যাসিয়াস, পুয়োল, রামোস ও ইনিয়েস্তা ছয়বার করে। পাঁচবার করে লাম, পিকে, জাভি ও অঁরি। তিনবার নাম লিখিয়েছেন জেরার্ড।
সেরা একাদশে ফরোয়ার্ড হিসেবে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গোলরক্ষক হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক (বর্তমানে পর্তুগালের ক্লাব পোর্তো এর হয়ে খেলছেন) ইকার ক্যাসিয়াস।
৪-৩-৩ ফর্মেশনে উয়েফা মনোনীত শতাব্দীর সেরা একাদশ সাজানো হয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যতিব্যস্ত রাখবেন অঁরি, মেসি ও রোনালদো। মাঝমাঠ থেকে আক্রমণের কৌশল সাজাবেন ইনিয়েস্তা, জাভি ও জেরার্ড। গোলরক্ষককে সুরক্ষা দিতে ডিফেন্স (সেন্টারব্যাক) সামলাবেন পুয়েল ও পিকে। লেফটব্যাকে লাম ও ডান প্রান্ত থেকে ছুটবেন রামোস। গোলবার বিপদমুক্ত রাখতে থাকছে ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত।
উয়েফার একাদশ নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। ভিন্নমত দেখিয়েছেন অনেকেই। ক্যাসিয়াসের জায়গায় জিয়ানলুইজি বুফন, পিকের পরিবর্তে কারো পছন্দ ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। জিনেদিন জিদান, রোনালদো, রোনালদিনহো, দিদিয়ের দ্রগবা, পাওলো মালদিনিসহ সাবেক অনেক তারকার অনুপস্থিতি মানতে পারছেন না ফুটবলপ্রেমীরা। এদের রাখা উচিত ছিল বলে মত দিয়েছেই অনেকেই।
উয়েফার শতাব্দী সেরা একাদশ :
ইকার ক্যাসিয়াস (রিয়াল), সার্জিও রামোস (রিয়াল), জেরার্ড পিকে (বার্সা), কার্লোস পুয়োল (বার্সা), ফিলিপ লাম (বায়ার্ন), জাভি (বার্সা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সা), স্টিভেন জেরার্ড (লিভারপুল), থিয়েরি অঁরি (বার্সা), লিওনেল মেসি (বার্সা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল)।
এএ




