
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসে ঢুকে পড়ায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, নিহত ও আহতদের কাছে জরুরিসেবা সরবরাহ করা হচ্ছে।
একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানীর ব্যস্ততম রাস্তায় দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তন করা হয়। গতি বাড়িয়ে আন্ডারপাসের মধ্যে ঢোকার আগে কিছু ক্ষণের জন্য বাসটি থামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ এটির গতি বেড়ে যায় এবং ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও তাদের একজন জানিয়েছেন।
দুর্ঘটনার পর বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করা হয়। আহত হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
৫৮ বছর বয়সী এই বাসচালকের বরাত দিয়ে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, তিনি ছাড়াও ওই বাসে তিনজন ছিলেন। তিনি ১৫ মিনিট ধরে বাসটি থামানোর চেষ্টা করেন। কিন্তু বাসটি অটোমেটিক স্টিকের সাহায্যে চলায় তিনি কিছুই করতে পারেননি।
এদিকে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মস্কো শাখা জানিয়েছে, বাসটিতে কোনো সমস্যা ছিল না।
কে/এসএস




