
ইসরায়েল-ফিলিস্তিন সংকটে অনেক আলোচনার পর স্থির হওয়া দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস।
সোমবার বড়দিন উপলক্ষে দেয়া বার্তায় তিনি এ আহ্বান জানান।
পোপ বলেন, আসুন আমরা প্রার্থনা করি যেন আবারো সংলাপ শুরু হয় এবং সমঝোতার মাধ্যমে নেয়া সমাধানে পৌঁছানো যায় যাতে দুই রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের শিশুদের মধ্যে যিশুকে দেখতে পাচ্ছি যারা ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির কারণে কষ্টের সম্মুখীন হচ্ছে।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনরা।
৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার ফিলিস্তিনিদের তৃতীয় ইন্তিফাদার ১৭তম দিন চলছে।
ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনই নিহত হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে।
এমনকি ছোট শিশুদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখার মতো বর্বরোচিত ঘটনার ফুটেজও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত রয়েছে।
কে/সি




