
লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি সেপ্টেম্বরের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাবেন কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিশ্চয়ই যাব। তবে আমি তোমাদের মেয়রের ভক্ত নই। আমার মনে হয়, তিনি খুব খারাপ কাজ করেছেন।
তিনি আরও বলেন, লন্ডনের মেয়র একজন ন্যাস্টি পারসন (নোংরা ব্যক্তি)।
ট্রাম্পের এই মন্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, সে (মেয়র) আসলে আমার একজন বন্ধু।
কিন্তু তাতেও থামেননি ট্রাম্প। আরও নেতিবাচক মনোভাব নিয়ে বলেন, আমি মনে করি, সাদিক খান খুব খারাপ কাজ করেছেন। তবে আমি অবশ্যই লন্ডনে যাব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। দু’জনেই যথাক্রমে রিপাবলিকান ও লেবার পার্টির রাজনীতিক। ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই সাদিক খান বিভিন্ন সময় ট্রাম্পের নীতির বিরোধিতা করে কথা বলেছেন।
বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেন। তখন ট্রাম্প তাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যর্থ’, ‘স্টোন কোল্ড লুজার’ ও ‘ভীষণ বোকা’ বলে আক্রমণ করেছিলেন।
পরে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে খান বলেন, ট্রাম্প তাকে নিশানা করছেন তার ‘চামড়ার রং’ ও ধর্মবিশ্বাসের কারণে।
একই বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার মানুষ স্পষ্ট ও জোরালোভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের তা সম্মান জানাতে হবে।
এদিকে সোমবার এক বিবৃতিতে সাদিক খানের একজন মুখপাত্র বলেন, মেয়র আনন্দিত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরে আসতে চান।
প্রসঙ্গত, আগামী ১৭-১৯ সেপ্টেম্বর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সূত্র: এনডিটিভি
আরটিভি/আইএম/এআর




