
নিউ জার্সি উপকূলের বারনেগাট বে-তে একটি মোটরচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে একটি মিনকে তিমি নিহত হয়েছে। সংঘর্ষের সময় নৌকাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠে এবং একজন যাত্রী পানিতে পড়ে যান। সৌভাগ্যক্রমে ওই যাত্রী গুরুতর আঘাত ছাড়াই ফিরে আসেন।
এনডিটিভি ও এনবিসি নিউজ সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর নৌকাটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম হয়। পরে মৃত তিমিটি ভেসে উঠে এবং তা অগভীর পানির একটি বালুতটে আটকে যায়।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর নৌকাটি দুলে ওঠে এবং এক যাত্রী পানিতে পড়ে যান। পরে তিনি সাঁতরে নৌকার কাছে ফিরে আসেন।
মেরিন ম্যামাল স্ট্র্যান্ডিং সেন্টার জানায়, জোয়ারের কারণে তারা তিমিটির কাছে পৌঁছাতে না পারলেও দূর থেকে পর্যবেক্ষণ করেছে। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, "বিকেল ৩টা ৪০ মিনিটে একজন নৌযাত্রী আমাদের জানান, একটি নৌকা একটি তিমির সঙ্গে ধাক্কা খায় এবং এতে একজন যাত্রী পানিতে পড়ে যান। উদ্ধারকারী দল 'সি টো' ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিমিটির মৃত্যু হয়।"
তিমিটির মৃত্যুর কারণ নির্ধারণে সোমবার সেটির ময়নাতদন্ত করা হবে।
ঘটনার পর ওই এলাকায় নৌযাত্রীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তিমিটির মৃতদেহ থেকে কমপক্ষে ১৫০ ফুট দূরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্বব্যাপী মহাসাগরে পাওয়া যায় এমন বেলিন প্রজাতির সবচেয়ে ছোট তিমিগুলোর মধ্যে মিনকে তিমি অন্যতম। এদের দৈর্ঘ্য সাধারণত ২০ থেকে ৩৫ ফুট পর্যন্ত হয় এবং ওজন হতে পারে প্রায় ১০ টন। তারা একা কিংবা ছোট দলে ঘুরে বেড়ায় এবং ছোট মাছ, প্লাঙ্কটন ও ক্রিল খায়।
স্বতন্ত্র কম-ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহারের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। যদিও কিছু অঞ্চলে মিনকে তিমি এখনো শিকার করা হয়, তবে আন্তর্জাতিক সংস্থা তাদেরকে কম ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।
আরটিভি/এসকে




