
দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস থেকে স্টারশিপ উৎক্ষেপণের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দশম স্টারশিপ মহাকাশযানটি উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি।
স্পেসএক্সের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, উৎক্ষেপণ স্থলে কিছু প্রযুক্তিগত জটিলতা দেখা দেওয়ায় অতিরিক্ত সময়ের প্রয়োজন। সেই কারণে স্টারশিপ ১০-এর মহাকাশযাত্রা বাতিল করা হয়েছে। তবে পরবর্তী উৎক্ষেপণের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, রোববার (২৪ আগস্ট) রাতেই স্টারশিপ ১০ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী তা আর সম্ভব হয়নি।
এ নিয়ে চলতি বছরে স্পেসএক্সের একাধিক উৎক্ষেপণ ব্যর্থতার মুখে পড়ল। কখনো উৎক্ষেপণের পর রকেট বিস্ফোরিত হয়েছে, আবার কখনো উৎক্ষেপণের আগেই আগুন ধরে গেছে। এসব বিপর্যয় সত্ত্বেও ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণ ও বাণিজ্যিক উৎক্ষেপণে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে স্পেসএক্স কাজ করে যাচ্ছে।
সূত্র : রয়টার্স
আরটিভি/এসকে




