
ইন্দোরের শিকশাক নগর এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) এক ট্রাক জনতার ভিড়ে ঢুকে পড়ায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি চালক মাতাল অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটে।খবর এনডিটিভি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় রাস্তায় ভয়াবহ দৃশ্য দেখা যায়। অনেক মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে এবং চিৎকারের শব্দে পরিবেশ আতঙ্কময় হয়ে ওঠে। একই সঙ্গে অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি জানিয়েছেন, ট্রাক চালক প্রথমে দুই বাইকারকে চাপা দেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকের নিচে আটকে থাকা বাইকের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লাগে।
ঘটনার পরে ইন্দোরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহতদের দুটি মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ইন্দোরে ট্রাক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) তদন্ত পরিচালনা করবেন।
আরটিভি/এসকে




