দক্ষিণ-পূর্ব চীনে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ এলাকায় এক নারী টানা ৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয় আটকে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।
৪৮ বছর বয়সী ওই নারী চেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জঙ্গলে হাঁটতে বের হন। একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান। সন্ধ্যায় তার নিখোঁজ হওয়া পরিবারের নজরে আসে। খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে তারা স্থানীয় রেসকিউ টিমের কাছে সাহায্য চান।খবর জিও নিউজ উর্দু
রেসকিউ টিমের ১০ সদস্যের একটি দল থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করে কুয়োটির অবস্থান শনাক্ত করেন। ঘন ঝোপঝাড়ের আড়ালে উদ্ধারকারীরা দেখেন চেন কুয়োর দেয়াল আঁকড়ে ধরে পানির মধ্যে আটকে আছেন। কুয়োর ভেতর বেশ কয়েকটি সাপও ছিল।
চেন জানান, কুয়োর ভেতর ছিল অন্ধকার এবং মশার ঝাঁক। এক সাপ আমার হাতে কামড় দিয়েছিল, তবে তা বিষাক্ত ছিল না। তবে পরিবারের কথা ভেবে আমি সাহস হারাইনি। সাঁতার জানায় আমি ভেসে থাকতে পেরেছি এবং পাথর ব্যবহার করে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে রাখার ব্যবস্থা করেছি।
শেষ পর্যন্ত উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে কুয়ো থেকে বের করেন। হাসপাতালে চিকিৎসকরা জানান, চেনের দুটি পাঁজর ভেঙেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। এছাড়া হাতে সাপের কামড়েরও ক্ষত রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।
আরটিভি/এসকে




