
পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে একটি বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালায়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
এল-ফাশের প্রতিরোধ কমিটি জানিয়েছে, শহরটির একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দার আল-আরকাম’ নামের আশ্রয়কেন্দ্রটিতে ড্রোনটি সরাসরি আঘাত হানে। হামলার পর বহু মৃতদেহ এখনো সেখানে আটকা পরে আছে।
ঘটনাটিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে স্থানীয় প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার এই ভয়াবহ সংঘাতে মানবিক বিপর্যয় এখন চরমে পৌঁছেছে। প্রায় ১৮ মাস ধরে চলা এই যুদ্ধে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছে।
বিশেষ করে অবরুদ্ধ এল-ফাশের শহরের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় বাসিন্দারা শহরটিকে ‘এক খোলা কবরস্থান’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষ্যমতে, এখানে ক্ষুধা এবং অবিরাম বোমার আঘাতে প্রতিদিনই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, যা মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে।
আরটিভি/এআর




