ভারতের নয়াদিল্লির গুরুগ্রাম শহরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এক তরুণীকে গুলি করে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর এমজি সড়কে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত কল্পনা (২৫) ছিলেন একজন বিবাহিত মহিলা এবং একই ক্লাবের সহকর্মী ছিলেন তুষার (২৫) নামে এক যুবকের সঙ্গে। পুলিশের জিজ্ঞাসাবাদে তুষার জানায়, তাদের মধ্যে ছয় মাস আগে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে সে কল্পনাকে বিয়ের প্রস্তাব দেয়, যা বারবার প্রত্যাখ্যাত হয়।
তুষার বিয়ের প্রস্তাব নাকচ হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রায় এক মাস আগে তুষার কল্পনার বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও পরে চলে যায়। কিন্তু ১৯ ডিসেম্বর তুষার আবারও কল্পনাকে বিয়ের প্রস্তাব দেয়, ফের প্রত্যাখ্যান পেয়ে সে গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় কল্পনা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় পুলিশ তুষার এবং তার সহযোগী শুভম (২৪) কে গ্রেপ্তার করেছে। নিহতের স্বামী জানান, হত্যাকাণ্ডের পর কল্পনা তার কাছে ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর দেন।
ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে। পুলিশ বলেছে, তারা সমস্ত দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।এই মর্মান্তিক ঘটনা প্রেমের এক দুঃখজনক দিক তুলে ধরে, যেখানে প্রেমের প্রত্যাখ্যান এক নৃশংস হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়াল।
আরটিভি/এসকে





