
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি কি ফাঁসি ও ইনজেকশন এই দুই পদ্ধতির মধ্যে যেকোনো একটিকে নিজের মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে বেছে নিতে পারবেন? এই প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার (১৫ অক্টোবর) বিচারপতি বিক্রম নাথ ও সানদীপ মেহতার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে, অথচ ভারতে এখনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ফাঁসির পদ্ধতিই বহাল রয়েছে।
আদালত এই মন্তব্য করেন আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা এক আবেদনের শুনানিতে। ওই আবেদনে ফৌজদারি কার্যবিধির ধারা ৩৫৪(৫)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে বলা আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা হবে। এই ধারা বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সনহিতা (বিএনএসএস) ২০২৩-এর ৩৯৩(৫) ধারায় প্রতিস্থাপিত হয়েছে।

বেঞ্চ কেন্দ্রের সিনিয়র আইনজীবী সোনিয়া মাথুরকে উদ্দেশ্য করে বলেন, ফাঁসির এই পদ্ধতি অনেক পুরোনো। বিশ্বের অনেক দেশ এখন পরিবর্তিত পথে এগিয়েছে। মালহোত্রার প্রস্তাবগুলো ভেবে দেখুন। আদালত ইঙ্গিত দেয়, সরকার চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের বর্তমান পদ্ধতি পর্যালোচনা করতে পারে।
আবেদনকারী মালহোত্রা যুক্তি দেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির অন্তত ফাঁসি বা ইনজেকশন এই দুটি পদ্ধতির মধ্যে বেছে নেওয়ার অধিকার থাকা উচিত। তার দাবি, বিশ্বের ৪০টিরও বেশি দেশ ইনজেকশন পদ্ধতি গ্রহণ করেছে, কারণ এটি তুলনামূলকভাবে মানবিক ও মর্যাদাপূর্ণ। ফাঁসিতে দড়িতে ঝুলে মৃত্যুর আগে দীর্ঘ সময় কষ্ট পেতে হয়, যা ‘নিপীড়নমূলক’ মৃত্যু বলে মন্তব্য করেন তিনি।
তবে কেন্দ্রের আইনজীবী জানান, এর আগেই সরকার ২০২৩ সালের মে মাসে আদালতে এক হলফনামা দিয়েছে, যেখানে বলা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকরের আরও মানবিক ও কম যন্ত্রণাদায়ক পদ্ধতি খুঁজে বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে।
বেঞ্চ অ্যাটর্নি জেনারেলের অসুস্থতার কারণে পরবর্তী শুনানির তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করেছে। এ সময় আদালত মালহোত্রার প্রস্তাব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছে।
সরকারের আগের যুক্তিতে বলা হয়েছিল, ফাঁসি ‘সবচেয়ে নিরাপদ ও দ্রুততম’ পদ্ধতি, যেখানে মৃত্যুর দীর্ঘসূত্রিতা থাকে না। বিপরীতে, ইনজেকশন পদ্ধতিতে ভুল হওয়ার আশঙ্কা বেশি এবং চিকিৎসক বা প্রশিক্ষিত পেশাজীবীরা এ প্রক্রিয়ায় অংশ নিতে অনিচ্ছুক।
তবে আদালত মনে করে, এখন সময় এসেছে ফাঁসি পদ্ধতির মানবিকতা ও সাংবিধানিক বৈধতা পুনর্বিবেচনার। ১৯৮৩ সালের দিনা বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় ফাঁসি সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করা হলেও, মৃত্যুর যন্ত্রণা ও মর্যাদার প্রশ্নে যথাযথ বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়নি বলেও উল্লেখ করে আদালত।
এখন আদালত খতিয়ে দেখতে চায়ফাঁসি কি সত্যিই মর্যাদার সঙ্গে মৃত্যুর সাংবিধানিক নিশ্চয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি আরও মানবিক কোনো বিকল্প প্রয়োজন।
আরটিভি/এসকে




