
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এবার ১২০ জনের মরদেহ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল। গত সোমবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর তিন ধাপে এসব মরদেহ ইসরায়েল থেকে গাজায় পাঠানো হয়েছে।
অধিকাংশ মরদেহেই মিলেছে নৃশংস নির্যাতনের ভয়ংকর আলামত। অনেকের শরীরে মিলেছে নির্যাতন, ফাঁসি ও গুলির চিহ্ন। এমনকি ট্যাংক দিয়ে চাপা দেওয়ার আলামতও পাওয়া গেছে। এছাড়া অনেকের হাত-পা বাঁধা ছিল। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাদের হত্যা করে এরপর গাজায় পাঠিয়েছে দখলদাররা।
গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১২০টি মরদেহ আসার তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, নির্মম নির্যাতনের কারণে চেহারা বিগড়ে যাওয়ায় কয়েক ডজন মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। কয়েকজনের দেহে রশি ও ফাঁসির চিহ্ন রয়েছে। কাউকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে; যার অর্থ ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে তাদেরকে।
অনেকের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। অনেকের চোখ বাঁধা ছিল। কারও শরীরে ছিল ট্যাংক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন।
এছাড়া, এই মরদেহগুলোতে গভীর ক্ষত আছে; যার অর্থ হত্যার আগে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে।
দখলদার ইসরায়েলের এসব হীন কাজের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস হত্যাকাণ্ডগুলোর আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজাবাসীর ওপর নির্মম যুদ্ধপরাধ সংঘটিত করেছে ইসরায়েল।
আরটিভি/এসএইচএম




