
লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মূলত ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, গত বছর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলের বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ, যার উদ্দেশ্য হচ্ছে লেবাননের অবকাঠামো ধ্বংস করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সাইদা জেলার ব্নাফুল এলাকায় একজন এবং নাবাতিয়েহ জেলার আনসারে ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে। তারা আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এনজিও গ্রিন উইদাউট বর্ডার্সের ব্যবহৃত স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই এনজিওটি সীমান্ত এলাকায় হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল।
উল্লেখ্য নভেম্বর থেকে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল।
আরটিভি/এআর




