
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি সামরিক বুলডোজারে হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড। হামলায় ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (১৭ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই হামলার খবর জানানো হয়। তবে হামলার সঠিক সময় স্পষ্ট করেনি সংগঠনটি।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, দক্ষিণ গাজার কিজান আল-নাজ্জার এলাকায় একটি সামরিক গাড়িতে ট্যাঙ্ক-বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়, এতে শত্রু সৈন্য নিহত ও আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একই অঞ্চলে খান ইউনিসের দক্ষিণে আস-সিক্কা এলাকায় বিস্ফোরক ল্যান্ডমাইন দিয়ে একটি ডি৯ সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালানো হয়।
এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন টানা দুই বছরের গণহত্যা যুদ্ধের অবসানে সম্প্রতি মার্কিন-সমর্থিত চুক্তির পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
উল্লেখ্য, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি এবং আহত হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
আরটিভি/এআর




