
দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। ঘটনাটি ঘটেছে রিয়াদ থেকে কলম্বোগামী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী ওই সৌদি নাগরিক ফ্লাইটের ভেতরে দুই বিমানবালাকে শারীরিকভাবে আক্রমণ করেন। বিমানটি যখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, তখন যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হয়। সে সময় অভিযুক্ত যাত্রী টয়লেটে যাওয়ার চেষ্টা করলে বিমানবালারা তাকে থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাদের ওপর হামলা চালান।
বিমানবালারা দ্রুত বিষয়টি পাইলটকে জানান। এরপর বিমানটি সকাল ৬টা ৩২ মিনিটে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পুলিশের সহায়তায় ওই সৌদি যাত্রীকে আটক করা হয়।
ডেইলি মিরর আরও জানায়, ঘটনাটি বর্তমানে কাটুনায়েকে বিমানবন্দর পুলিশ এবং কাটুনায়েকে ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তদন্ত করছে। যেহেতু ঘটনাটি শ্রীলঙ্কার আকাশসীমায় ঘটেছে, তাই ওই সৌদি নাগরিককে সোমবার (২৭ অক্টোবর) কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
আরটিভি/এসকে




