আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। আর এই সিরিজকে সামনে রেখে বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৮ ডিসেম্বর) বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার কারণে এই চার ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। তারকাদের না থাকায় দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে।
এই সিরিজেই অভিষেকের অপেক্ষায় থাকছেন তিনি। দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। আর অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলি আগাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি। ডাম্বুলায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ৯ ও ১১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। তাই এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা অধিনায়ক, আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।
আরটিভি/এসআর




