ফিলিস্তিনি এক বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ইয়িফাত টোমার-ইরুশালমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায় স্বীকার করে গত সপ্তাহে পদত্যাগ করেছিলেন ইয়িফাত টোমার-ইরুশালমি। তবে রবিবার তেল আবিবের উত্তরের এক সমুদ্রসৈকতে ঘণ্টাব্যাপী অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের আগস্টে ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের সদে টাইমান সামরিক ঘাঁটিতে কিছু রিজার্ভ সৈন্য এক ফিলিস্তিনি বন্দিকে নির্মমভাবে নির্যাতন করছে। সৈন্যদের একজন ধারালো বস্তু দিয়ে বন্দির পায়ুপথে আঘাতও করে বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর পাঁচজন সৈন্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছে। পরে চারজন মুখোশ পরা সৈন্য জেরুজালেমের সুপ্রিম কোর্টের বাইরে উপস্থিত হয়ে মামলা বাতিলের দাবি জানায়।
প্রকাশিত তথ্যে জানা যায়, নির্যাতনের শিকার ওই বন্দিকে পরবর্তীতে গাজায় ফেরত পাঠানো হয়েছিল। তিনি ছিলেন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্ত হওয়া বন্দিদের একজন।
ভিডিও ফাঁসের ঘটনায় শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত, আর তদন্ত চলাকালেই টোমার-ইরুশালমিকে ছুটিতে পাঠানো হয়। পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দেন, তিনি আর পদে ফিরবেন না। শেষ পর্যন্ত নিজের দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।
এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক চাপ এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আরটিভি/এসকে




