
মালয়েশিয়ায় সম্প্রতি এক অদ্ভুত ঘটনায় প্লাস্টিকের চেয়ারের ছিদ্রে এক নারীর আঙুল আটকে যায়। শত চেষ্টা করেও নিজে বের করতে না পেরে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই অপ্রত্যাশিত বিপদ থেকে উদ্ধার হন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, গত ১ নভেম্বর এই ঘটনাটি ঘটে। সেদিন ওই নারীর ডান হাতের কনিষ্ঠা আঙুল একটি প্লাস্টিকের চেয়ারের আসনের ছোট গোল ছিদ্রে আটকে গিয়েছিল। তিনি যখন কোনোভাবেই আঙুল বের করতে পারছিলেন না, তখন ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (দমকল বিভাগ) সঙ্গে যোগাযোগ করেন।
দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিশেষ কাটার ব্যবহার করে সাবধানে চেয়ারের অংশ কেটে আঙুলটি বের করেন। উদ্ধারকাজের সময় ওই নারীর আঙুলে যেন কোনো আঘাত না লাগে, সেদিকে তারা বিশেষ মনোযোগ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী শান্তভাবে বসে আছেন এবং উদ্ধারকর্মীরা সতর্কতার সাথে চেয়ারের প্লাস্টিক কেটে দিচ্ছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, প্রথম কথা হলো, তিনি আঙুলটা ভেতরে ঢোকালেন কেন? আবার কেউ মন্তব্য করেছেন, তেল বা লুব্রিকেন্ট লাগিয়ে আঙুলটা বের করা যেতো না? কাটাকাটি কেন?
আরটিভি/এআর




