
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কি সত্যিই শেষ হয়ে এসেছে! সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংক্ষিপ্ত মন্তব্যেই সেই প্রশ্ন লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে। ট্রাম্প বলেন, হ্যাঁ, আমার তাই মনে হয়। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।
সিবিএস’এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, মাদুরোর সময় কি শেষ? তার এই সংক্ষিপ্ত উত্তরটি কূটনীতির জগতে আগুনে বারুদে পরিণত হয়েছে। কারণ, একই সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে তথাকথিত মাদকবিরোধী অভিযানের অজুহাতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মাদুরো এই অভিযানকে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র মূলত দেশটির তেলসম্পদ দখলের চেষ্টা করছে। রাজধানী কারাকাসের রাস্তায় এখন উত্তেজনা ও অনিশ্চয়তার ছায়া।
গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অন্তত ১৫টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। সবশেষ হামলাটি হয় গেলো শনিবার। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এই হামলার সমালোচনা করেছে।
সমর বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা পাচারকারীদের বিরুদ্ধে হলেও, এখন তা বিচারবহির্ভূত হত্যার শামিল। এ ছাড়া ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যে এই লক্ষ্যবস্তুগুলি সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
আরটিভি/এআর




