
বরফে ঢাকা হিমালয়ের নির্জন পাহাড়ে ঘটল এক হৃদয়স্পর্শী ঘটনা। বিপদে পড়া এক হিমালয়ান ব্রাউন বেয়ার শাবককে বাঁচাতে জীবনের ঝুঁকি নিলেন ভারতীয় সেনারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বরফাচ্ছন্ন উঁচু এলাকায় এক ছোট্ট ভালুক শাবকের মাথা আটকে গেছে একটি ধাতব পাত্রে। প্রাণীটি নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছিল। তখন ঘটনাস্থলে উপস্থিত সেনারা দড়ি দিয়ে শাবকটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ট্যাকটিক্যাল সরঞ্জাম ব্যবহার করে সাবধানে পাত্রটি কেটে মুক্ত করেন।
উদ্ধারের পর সেনারা আদর করে শাবকটির নাম দেন ‘বাহাদুর’, যার অর্থ সাহসী। ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছে ভারতীয় সেনারা।
অনেকে মন্তব্য করেছেন দেশের সীমানা রক্ষা যেমন সেনাদের দায়িত্ব, তেমনি জীবনের প্রতিটি রূপকেও বাঁচানো তাদের মানবিকতার পরিচায়ক।
জানা গেছে, হিমালয়ান ব্রাউন বেয়ার প্রজাতিটি ভারতে এখন প্রায় বিলুপ্তির পথে। তাই সেনাদের এই উদ্ধার অভিযান শুধু একটি প্রাণ বাঁচানোর ঘটনা নয়, বরং প্রজাতিটিকে রক্ষার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশবিদরা।
আরটিভি/এসকে




