
বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান হিসেবে রেকর্ড গড়লেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার। ৯২ বছর বয়সী এই নেতা টানা অষ্টম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে এই রেকর্ড গড়েছেন। এসময় তিনি নির্বাচন পরবর্তী সহিংসতায় জর্জরিত দেশকে শান্তির দিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট বিয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনা জানান এবং এই অস্থিরতার জন্য ‘দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদদের’ দায়ী করেন। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, দেশে শৃঙ্খলা ফিরে আসবে।
গত মাসের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও, বিয়া নির্বাচনী প্রক্রিয়াকে সন্তোষজনক বলে প্রশংসা করেন। সরকারি ফলাফল অনুযায়ী, এই বর্ষীয়ান নেতা ৫৪ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা শিরোমা বাকারী পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।
তবে শিরোমা বাকারী নিজেকেই নির্বাচনের প্রকৃত বিজয়ী দাবি করেছেন এবং জালিয়াতির অভিযোগ এনেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশজুড়ে মারাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, এ সহিংসতায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান, কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, নির্বাচন এখন অতীত এবং নাগরিকদের একটি ‘একতাবদ্ধ, স্থিতিশীল ও সমৃদ্ধ’ দেশ গড়ার জন্য তার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রেসিডেন্ট বিয়া আরও প্রতিশ্রুতি দেন যে তিনি নারী ও তরুণদের সমস্যাকে অগ্রাধিকার দেবেন। এছাড়াও, তার দীর্ঘ শাসনামলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী দুর্নীতি ও নিরাপত্তা সংকট মোকাবিলায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট পল বিয়ার ১৯৮২ সালের নভেম্বরে প্রথম ক্ষমতায় আসেন।
আরটিভি/এআর




