
উত্তর মেরুর বরফঢাকা প্রান্তরে বরফের মাঝে হঠাৎ জমে উঠল এক অভিনব উৎসবের রূপ। পোলার ট্রাভেল ক্লাবের আয়োজনকৃত আইসব্রেকার জাহাজের অভিযাত্রায়, রুশ ঐতিহ্যবাহী পোশাক পরিহিত দুই পেশাদার নৃত্যশিল্পী তাদের মনোমুগ্ধকর যুগল নৃত্যের মাধ্যমে সাদা বরফের মধ্যে সংস্কৃতির উষ্ণতা ছড়ালেন।
ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ‘ফিফটি ইয়ার্স অব ভিক্টরি’ নামের রুশ আইসব্রেকার জাহাজের শেফ রোমান গ্রেবেনকভ এবং হোটেল ম্যানেজার ভেরোনিকা সেমুশিনা ঐতিহ্যবাহী রুশ পোশাকে ‘পোরুশকা পারান্যা’ নামক জনপ্রিয় লোকগানের সুরে নাচছেন।
রোমান দীর্ঘ সাত বছর ধরে রাশিয়ার ফোক এনসেম্বলের প্রধান নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন, আর ভেরোনিকা একজন দক্ষ ব্যালে নৃত্য পরিচালক। তাদের এই নৃত্যশৈলী রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে ৭ জুলাই ধারণ করা হয়।
বরফের রাজ্যে সাংস্কৃতিক এই প্রদর্শনী প্রমাণ করে, পৃথিবীর যেকোনো প্রান্তে সংস্কৃতির উষ্ণতা ঠান্ডাকেও পরাজিত করতে সক্ষম।
আরটিভি/এসকে




