
ভারতের হরিয়ানায় ভোট জালিয়াতির অভিযোগে ব্রাজিলীয় মডেল লারিসা নেরির নাম জড়িয়ে গেছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, ওই রাজ্যের ১০টি কেন্দ্র মিলিয়ে ২২ বার নেরির ছবি ব্যবহার করে ভোট দেওয়া হয়েছে। এই জালিয়াতিই নির্বাচনের ফল পরিবর্তন করেছে বলে কংগ্রেসের অভিযোগ।
কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ব্রাজিলীয় এই মডেলের ছবি সীমা, সুইটি, সরস্বতী, রেশমি, বিমলাসহ ভিন্ন ভিন্ন নামে ব্যবহার করা হয়েছে। তার দাবি, এটি বুথ-পর্যায়ের ভুল নয়, বরং কেন্দ্রীয়ভাবে করা একটি জালিয়াতি।
রাহুল গান্ধী আরও জানান, হরিয়ানার ভোটার তালিকায় একজন বিদেশির ছবির পুনঃব্যবহার এবং একই ঠিকানায় বহু লোকের নাম নিবন্ধনের মতো আরও বহু অনিয়ম ধরা পড়েছে।
এদিকে, মডেল লারিসা নেরি বিস্ময় প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তিনি প্রশ্ন তোলেন, আমাকে ভারতীয় দেখিয়ে প্রতারণা করতে আমার ছবিই কেন?
উল্লেখ্য, হরিয়ানার ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস খুব অল্প ব্যবধানে মাত্র ১১ হাজার ২০০ ভোটে বিজেপির কাছে হেরে যায়। তবে ভারতের নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। কমিশন বলেছে, ভোটার তালিকা আগেই রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু সময়মতো কেউ আপত্তি জানায়নি।
আরটিভি/এআর




