
একজন সাধারণ নারী থেকে আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নারীর খেতাব চিদো মায়েঞ্জানিসের এই যাত্রা যেন অনুপ্রেরণার প্রতীক। ২০১৬ সালে শুধুমাত্র সুস্থ থাকার লক্ষ্যেই নিয়মিত শরীরচর্চা ও অ্যারোবিক্স শুরু করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় তার দৃষ্টিভঙ্গি। ২০২০ সালে কোচ ব্ল্যাক মোসেসের তত্ত্বাবধানে তিনি পা রাখেন পাওয়ারলিফটিংয়ের দুনিয়ায়।
অবিশ্বাস্যভাবে মাত্র চার মাসের প্রস্তুতির পর জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ জয় করে সবার নজর কাড়েন চিদো। এরপর থেমে থাকেননি। ধারাবাহিক পরিশ্রম আর মানসিক দৃঢ়তায় সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইস্ট-র্যান্ড স্ট্রংগেস্ট প্রতিযোগিতায় শিরোপা জয় করে হয়ে উঠেছেন আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নারী।
এর আগে, তিনি আফ্রিকান স্ট্রংম্যান প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন। চিদো বলেন, মানুষ বিশ্বাস করত না যে একজন নারী এই খেলায় টিকে থাকতে পারে। কিন্তু আমার ভেতরের শক্তিই আমাকে থামতে দেয়নি।
এখন তার পরবর্তী লক্ষ্য বিশ্বের সেরা দশ পাওয়ারলিফটারের তালিকায় নিজের নাম দেখা এবং একদিন কাঙ্ক্ষিত বিশ্ব স্বর্ণপদক জয় করা।
চিদো মায়েঞ্জানিসের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো আফ্রিকার নারী খেলোয়াড়দের জন্য এক নতুন অনুপ্রেরণার দিগন্ত খুলে দিয়েছে।
আরটিভি/এসকে




