বাইক চালানোর সময় অল্পের জন্য চাপা পড়া থেকে বেঁচে যাওয়া একটি সাপ আর সেই সাপের ‘প্রতিশোধমূলক’ ছোবলে জখম হলেন এক তরুণ! এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে এনেছে ‘সঞ্জু যাদব’ নামে এক্স প্ল্যাটফর্মের একটি অ্যাকাউন্ট। যদিও ভিডিওটির সত্যতা, সময় বা স্থান কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ওপর শুয়ে ছিল একটি ছোট সাপ, দেখতে গোখরোর বাচ্চার মতো। রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সেটি। ঠিক সেই সময় একটি মোটরবাইক নিয়ে সেখানে চলে আসেন এক তরুণ। সাপটিকে না দেখে তিনি প্রায় তার উপর দিয়েই চালিয়ে দেন বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচে সাপটি। রক্ষা পেলেও ফণা তুলে আক্রমণাত্মক ভঙ্গিতে ওঠে সে।
তরুণ প্রথমে বিষয়টি খেয়াল করেননি। পরে বাইক থামিয়ে ঘোরানোর সময় তার পা চলে আসে সাপের মুখের সামনে। সঙ্গে সঙ্গে মোক্ষম ছোবল বসায় সাপটি। আতঙ্কে ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে যান ওই তরুণ। এরপর আর কিছু না ভেবেই বাইক ফেলে দৌড়াতে থাকেন তিনি। পুরো ঘটনাটি ধরা পড়ে নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায়।
">twitter-frameबिना छेड़ छांड किए सांप कभी आपको नुकसान नहीं पहुंचाते है !
— sanju yadav (@sanju916131) November 12, 2025
लेकिन अंततः डस लिया ?
देखने लायक है वीडियो , pic.twitter.com/kaeNIciZeO
তবে সাপের ছোবলের পর ওই তরুণের শারীরিক অবস্থা কেমন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কি না তা ভিডিওতে স্পষ্ট নয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বহু নেটাগরিক বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। এক মন্তব্যকারীর ভাষায়, এই জন্যই বলি গাড়ি চালানোর সময় সব দিক দেখে চালাতে হয়। কে জানে ওই তরুণ এখন কেমন আছেন!
অন্যরা আবার লিখেছেন, প্রাণীকে অকারণে আঘাত বা চাপা দেওয়ার ঘটনা যে কত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে, এই ভিডিও তারই সতর্কবার্তা।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




