
ফিনল্যান্ডের ২৯ বছর বয়সী তরুণী অরি কাতারিনা তার চাকরি ছেড়ে দিয়েছেন এবং এখন বিশ্বভ্রমণে বেড়াচ্ছেন। তিনি বিভিন্ন দেশের মানুষের অগোছালো, নোংরা ঘরবাড়ি বিনামূল্যে পরিষ্কার করে যাচ্ছেন। অরির এই অভিনব উদ্যোগের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে ‘ক্লিনিং কুইন’ নামে পরিচিতি পেয়েছেন।
২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত একটি ক্লিনিং কোম্পানিতে সার্ভিস ম্যানেজারের চাকরি করতেন অরি। কিন্তু এক সময় তার মনে হয়, ঘর পরিষ্কার করা শুধু কাজ নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এরপরই চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজের মিশন শুরু করেন। তার যাত্রা শুরু হয় এক বিধবা মায়ের অগোছালো ঘর পরিষ্কার করে। ওই মায়ের ধন্যবাদ ও সন্তানের মুখে নতুন আশা দেখেই অরি বুঝতে পারেন তার কাজের আসল অর্থ।
অরি প্রতি মাসে অন্তত তিনটি করে ঘর বিনামূল্যে পরিষ্কার করেন। তার কাজের জন্য বিভিন্ন পরিচ্ছন্নতা পণ্যের ব্র্যান্ড স্পনসরশিপ দিয়ে থাকেন। বর্তমানে টিকটকে তার ৭৮ লাখেরও বেশি অনুসারী রয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘর পরিষ্কার করেছেন তিনি, যেখানে কাজ করতে দুই থেকে চার দিনও সময় লেগেছে।
অরি ব্যবহৃত উপকরণ খুবই সাধারণ ভিনেগার, ডিশ সোয়াপ, স্ক্র্যাপার, মাইক্রোফাইবার কাপড় ইত্যাদি। তার মতে ঘরবাড়ি পরিষ্কার করতে দামি যন্ত্রপাতির দরকার নেই, বরং প্রয়োজন ধৈর্য ও গুরুত্বের।
একবার তিনি এমন এক মাতাল মায়ের ঘর পরিষ্কার করেছিলেন, যার সন্তান অপরিষ্কার ঘরের কারণে তাকে ছেড়ে গিয়েছিল। পরিষ্কার ঘরের পর সেই সন্তান আবার মা’র কাছে ফিরে আসে। অরি তার এই কাজকেই জীবনের সেরা কাজ মনে করেন।
নিজের জীবন খুবই সরল ও সহজ। সপ্তাহে এক দিন নিজেই নিজের ঘর গোছগাছ করেন। তার বক্তব্য, ঘর পরিষ্কার করা কোনো যন্ত্রণার কাজ নয়, বরং এটা আনন্দের একটি উৎস। মাত্র ১৫ মিনিট সময় দিলেই জীবন বদলে যেতে পারে।
অরি কাতারিনার এই কাজ বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার খনি। তার মতো তরুণরা দেখাচ্ছেন কিভাবে ছোট ছোট পদক্ষেপে অন্যের জীবন সুন্দর করে তোলা সম্ভব।
আরটিভি/এসকে




