রাশিয়াকে মোকাবেলা করতে প্রস্তুত নয় ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম


রাডারের ফাঁক গলে হঠাৎ করেই দেখা দিচ্ছে রাশিয়ার আধুনিক ড্রোন, যা ইউরোপের আকাশকে করে তুলেছে অনিরাপদ। নিশ্চুপে সীমান্ত পেরিয়ে আসা এই অদৃশ্য হামলার সম্ভাবনা এখন ইউরোপের নতুন কৌশলগত দুঃস্বপ্ন। পোল্যান্ড থেকে শুরু করে গোটা অঞ্চলই বুঝতে পারছে, তাদের ড্রোন সনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় রয়ে গেছে বড় দুর্বলতা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস এই কঠিন বাস্তবতাই তুলে ধরেছেন। সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কুবিলিউসের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ পেয়েছে। তিনি মনে করিয়ে দেন, পোল্যান্ডে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলা ইউরোপকে স্পষ্ট দেখিয়ে দিয়েছে যে, ড্রোন শনাক্ত করা, প্রতিরোধ করা ও ধ্বংস করার ব্যবস্থায় তাদের প্রস্তুতি এখনো দুর্বল।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি শুধু প্রযুক্তিগত ঘাটতি নয়, বরং ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা। এই সুযোগ হাতছাড়া হলে সেটি হবে এক ঐতিহাসিক ভুল যা ইউরোপকে দুর্বল করবে ও ইউক্রেনকেও ফেলবে আরও বড় বিপদে।

কমিশনার প্রশ্ন তুলেছেন, রাশিয়া প্রতিটি হামলা থেকে শিখছে এবং নিজেদের আরও শক্তিশালী করছে; কিন্তু ইউরোপ কি সেই একই শেখার গতিতে এগোচ্ছে?

বিজ্ঞাপন

কুবিলিউস ইউক্রেনের উদাহরণ টেনে বলেন, যুদ্ধের কঠিন বাস্তবতার ভেতর দিয়ে ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেটাই আজ ইউরোপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় পথ। ইউক্রেনের সেনারা যেভাবে দ্রুত ড্রোন মোকাবিলায় নিজেদের মানিয়ে নিয়েছে, ইউরোপও যদি সেই অভিজ্ঞতা গ্রহণ করতে পারে, তাহলে তাদের প্রতিরক্ষা হবে অনেক বেশি শক্তিশালী।

এদিকে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোও একই আশঙ্কার কথা বলছে। তারা মনে করে, ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর কোনো দেশকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারেন। সেই ঝুঁকি মাথায় রেখে ন্যাটো ইতোমধ্যে পূর্ব প্রান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ও স্থাপন করেছে নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission