
হামজা চৌধুরীর, সমিত সোমদের মতো তারকাদের আগমনে রং ফিরেছে দেশের ফুটবলে। তাদের নান্দনিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু তার আগে সব ধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার।
সেখানে মূলত দুই পক্ষ একে অপরের সঙ্গে আইডিয়া শেয়ার করে। তবে সামনের দিনে ইইউকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব দেবে বাফুফে।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা ভবিষ্যতে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করা যায়। তবে আমরা চাই অতি দ্রুত একটা পার্টনারশিপে চলে আসতে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার তারা খেলাধুলায়, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে উন্নয়নমূলক জায়গায় নিতে প্রাথমিভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, আমাদের ফুটবল ফেডারেশনের একটা ভিশন আছে, একটা চলমান কিছু ফর্মূলা আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। এই সবগুলা কিন্তু সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়নে যারা সিদ্ধান্ত নেন তাদের মন জয় করার জন্য এবং তাদের সহজ করে বুঝানোর জন্য। তারা বিশ্বাস করে স্পোর্টসে একটা অবদান রাখলে এর মাধ্যমেই বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে।

ইইউ কর্মকর্তা মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা এখানে এসেছি কারণ বাংলাদেশের ফেডারেশনকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। তবে বাংলাদেশ অত্যন্ত জটিল সময় পার করছে— নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে।
‘একই সঙ্গে এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে— কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।’
তিনি আরও বলেন, এই ধরনের কাজই আমরা আপনাদের সঙ্গে করতে চাই, যাতে ভবিষ্যতে আপনারা এক জাতি হিসেবে একত্রিত হতে পারেন এবং এক দল হিসেবে খেলতে পারেন— নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে।
আরটিভি/এসআর




