ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুবি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর আবার অগ্ন্যুৎপাত শুরু করেছে। রোববার কয়েক ঘণ্টা ব্যাপী এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশে বিশাল ঘন ধোঁয়ার স্তম্ভ উঠেছে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতায়, যা দক্ষিণ এশিয়ার আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
অগ্ন্যুৎপাতের পর ইথিওপিয়া থেকে ছড়িয়ে পড়া আগ্নেয়ছাইয়ের ধোঁয়া ও ছাই ইয়েমেন, ওমান হয়ে ভারতের এবং পাকিস্তানের আকাশে পর্যন্ত ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে উঠে যাওয়া সাদা ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দৃশ্যমান হয়েছে।
হায়লি গুবি আগ্নেয়গিরিটি ইরিত্রিয়া সীমান্তের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি রিফট ভ্যালির ভেতরে অবস্থিত হওয়ায় দুটি ভূ-তাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হিসেবে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যক্রম বেশি দেখা যায়।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্ন নিশ্চিত করেছেন যে, হোলোসিন যুগে বা গত ১২ হাজার বছরে হায়লি গুবিতে এর আগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই, তাই এটি একটি বিরল ও গুরুত্বপূর্ণ ঘটনা।
এ ধরনের অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাই ও ধোঁয়া বায়ুমণ্ডলে বড় প্রভাব ফেলে এবং দূরবর্তী অঞ্চলের আকাশে দীর্ঘদিন পর্যন্ত দেখা যায়, যা পরিবেশ ও জনজীবনে প্রভাব ফেলতে পারে।
আরটিভি/এসকে





