ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ১১:১৬ এএম


ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে রোববার ভোরে টানা ছয়বার অগ্ন্যুৎপাত ঘটেছে। আগ্নেয়ছাই পর্বতের শীর্ষ থেকে প্রায় এক হাজার ২০০ মিটার (৩,৯৩৭ ফুট) উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে। বর্তমানে এই আগ্নেয়গিরিটি সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল-৩ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়। লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাই দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) সতর্ক করে জানায়, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসুক কোবোকান এলাকায় চূড়া থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এছাড়া, আগ্নেয়শিলার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার (৩.১১ মাইল) ব্যাসার্ধের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সেমেরু আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ বিভিন্ন সময়ে ৫০০ থেকে এক হাজার ২০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৭৬ মিটার (১২,০৬০ ফুট) উচ্চতায় অবস্থিত সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যার আগ্ন্যুৎপাত অতীতে বহু প্রাণহানির কারণ হয়েছে।

আরও পড়ুন

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত একটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ দেশ, যেখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে দেশটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি সবসময় থাকে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission