
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ (৩৫) ১০ দিন আইসিইউতে থাকার পর শেষ পর্যন্ত জীবন হারিয়েছেন।
নিহত রুবেল আহমদের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। তার বাবার নাম মনফর আলী। রুবেল দীর্ঘ পাঁচ বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন। দেশে তাঁর স্ত্রী ও দুই সন্তানের দেখাশোনা চলছে।
ঘটনার সূত্রপাত হয় ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার সময়, মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকায়। রুবেল ফুড ডেলিভারি দিচ্ছিলেন। তখন একটি ট্রাক পেছন থেকে তার মোটরবাইক এবং আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরবাইককে ধাক্কা দেয়। পাকিস্থানি চালিত ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। মিশরীয় রাইডার ঘটনাস্থলেই মারা যান। আর রুবেলকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রুবেলের মৃত্যু হয়। ট্রাক চালককে পুলিশ আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
বর্তমানে রুবেলের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষ হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে তার কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ কর্তৃপক্ষ জানিয়েছে।
আরটিভি/এসকে




