
পুত্রসন্তানের আশায় দ্বিতীয় কন্যাসন্তান জন্ম দেওয়ায় সৃষ্ট অসন্তোষের জেরে মাত্র দুই মাস বয়সি এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালির হারনোলি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশি তদন্ত অনুযায়ী, পালওয়াশা নামের ওই শিশুটিকে তার বাবা মা বাড়ির পানির ট্যাংকে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ কর্মকর্তারা জানান, এই ঘটনাটি ‘অত্যন্ত নৃশংস’এবং এর তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে।
ইতোমধ্যে পুলিশ শিশুটির বাবা শাহজাদকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে শাহজাদ অপরাধ স্বীকার করেছেন এবং জানান, তার স্ত্রীর প্ররোচনায় তিনি এই কাজ করেছেন। তিনি আরও বলেন, তিনিছেলে সন্তানের আশা করেছিলেন এবং আরেকটি মেয়ে সন্তান চাননি। শিশুটির মা পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাষ্ট্রীয় পক্ষ থেকে বাবা মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হারনোলি থানা পুলিশের এএসআই সৈয়দ আনোয়ার অভিযোগকারী হিসেবে মামলায় নাম উল্লেখ করেছেন। চিকিৎসা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটির মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
আরটিভি/এআর




