সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে চৌরাস্তা মোড়ে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাস্পাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনার পর শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫-২০ জন উঠতি বয়সের উচ্ছৃঙ্খল যুবক ধারালো চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজি অটোরিকশা থামায়। এ সময় অটোরিকশার মধ্যে থাকা যাত্রী আব্দুর রহমানকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই ব্যস্ত চৌরাস্তা রক্তে ভেসে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান বলেন, রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালে রয়েছে।
আরটিভি/আইএম




