ব্রাজিলের জোও পেসোয়া শহরে চাঞ্চল্যকর এক ঘটনায় সিংহের খাঁচায় ঢুকে ১৯ বছর বয়সী গেরসন দে মেলো মাচাডো নামের এক কিশোর প্রাণ হারিয়েছেন। রবিবার এ ঘটনা ঘটলে সেটি প্রত্যক্ষ করা দর্শকরা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েন।
স্থানীয় পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মাচাডো ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়া টপকে এক গাছের ডালের মাধ্যমে সরাসরি সিংহের কক্ষে প্রবেশ করেন। খাঁচায় ঢুকেই তিনি সিংহিনী লিওনার মুখোমুখি হন। কিছুক্ষণ পর প্রাণীটি তাকে ধরে মাটিতে ফেলে দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ঘাড়ের রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
পরিবারসূত্রে জানা যায়, মাচাডো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং সিংহের ট্রেইনার হওয়ার স্বপ্ন দেখতেন। তার পরিচর্যায় থাকা পরামর্শদাতা বলেন, পরিবারের ইতিহাসে মানসিক রোগ থাকলেও তিনি যথাযথ সহায়তা পাননি। এর আগেও তিনি নানা বেপরোয়া আচরণ করেছিলেন—একবার এমনকি বেড়া কেটে বিমানবন্দরের অভ্যন্তরে ঢুকে পড়েন।
চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ঘটনাটিকে “সম্পূর্ণ অপ্রত্যাশিত” বলে মন্তব্য করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
আরটিভি/এসকে





