
জেদ্দা থেকে কেরালার কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝআকাশে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলটের সময়োচিত সিদ্ধান্তে কেরালা বিমানবন্দরে জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ১৬০ জন যাত্রী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জানা গেছে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই পাইলট ল্যান্ডিং গিয়ারে সমস্যা অনুভব করেন। গন্তব্য অনেকটা দূরে হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি নিকটস্থ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। সকাল ৯টা ৭ মিনিটে বিমানটি রানওয়েতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পর দেখা যায়, বিমানের ডান দিকের উভয় টায়ারই ফেটে গিয়েছিল।
কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবতরণের আগে সব ধরনের নিরাপত্তা পরিষেবা সক্রিয় করা হয়েছিল। যাত্রী বা ক্রু মেম্বারদের কেউ আহত হননি। ১৬০ জন যাত্রীর সবাই বর্তমানে সুরক্ষিত আছেন। যাদের জরুরি গন্তব্যে পৌঁছানো প্রয়োজন, তাদের বিকল্প বিমানে কোঝিকোড়ে পাঠানো হয়েছে এবং বাকিদের জন্য বিমানবন্দরে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই বিপজ্জনক ঘটনার পর ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) নড়েচড়ে বসেছে। যান্ত্রিক ত্রুটির সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর আরও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের আকাশ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সংশ্লিষ্ট সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
আরটিভি/এআর




