তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যস্ত শপিংমল ও মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী চো জং-তাই।
স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে হামলাটি ঘটে। প্রধানমন্ত্রী জানান, ছুরি হাতে হামলা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে অভিযুক্ত ব্যক্তি একটি ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি তাইপের প্রধান ট্রেন স্টেশনে একটি মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এরপর তিনি একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে গিয়ে পথচারীদের ওপর হামলা চালান। এ সময় এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তাকে ভোঁতা একটি বস্তু দিয়ে আঘাত করা হয়। পরে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান।
হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের ভেতর দিয়ে প্রায় ৮০০ মিটার দূরে ঝংশান স্টেশনে পালিয়ে যান। এরপর তিনি একটি বইয়ের দোকান ও একটি ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করেন। পুলিশ তাকে ঘিরে ফেললে তিনি ভবন থেকে লাফ দেন।
তাইওয়ানের প্রধানমন্ত্রী জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম চ্যাং ওয়েন। তিনি তাইওয়ানের নাগরিক। তবে হামলার পেছনে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। প্রসিকিউটররা জানিয়েছেন, ২৭ বছর বয়সী ওই ব্যক্তিকে সামরিক আইন ভঙ্গের অভিযোগে গত জুলাই মাস থেকে খোঁজা হচ্ছিল।
উল্লেখ্য, তাইওয়ানে এ ধরনের সহিংস হামলা খুবই বিরল। দেশটিতে সহিংস অপরাধের হার তুলনামূলকভাবে কম। সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে, অর্থাৎ এক দশকেরও বেশি সময় আগে।
আরটিভি/এসকে





