চীনে সাপের কামড়ের আতঙ্কে এক কৃষক চরম সিদ্ধান্ত নিয়ে নিজের আঙুল নিজেই কেটে ফেলেছেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, যে সাপটি তাকে কামড় দিয়েছিল সেটি মোটেও বিষধর ছিল না।
ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশের শাংইউ জেলায়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৬০ বছর বয়সী কৃষক ঝ্যাং নিজ ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি সাপ তার আঙুলে কামড় দেয়। সাপটি দেখে তিনি ভেবে বসেন, এটি কুখ্যাত ‘ফাইভ-স্টেপ স্নেক’যাকে ঘিরে প্রচলিত বিশ্বাস হলো, এই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি পাঁচ কদম হাঁটার আগেই মারা যান।
এই বিশ্বাস থেকেই প্রবল আতঙ্কে ঝ্যাং ধারণা করেন, বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগেই আঙুল কেটে ফেলাই একমাত্র উপায়। মুহূর্তের মধ্যেই তিনি নিজের আঙুল কেটে ফেলেন এবং দ্রুত হাসপাতালে ছুটে যান।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তার আঘাত পরীক্ষা করে জানান, সাপটি আদৌ বিষধর ছিল না এবং কামড়টি তার জীবনের জন্য কোনো ঝুঁকিই তৈরি করেনি। চিকিৎসকদের মতে, ভয় ও ভুল ধারণার কারণেই তিনি সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা বন্যপ্রাণী সম্পর্কে কুসংস্কার ও ভুল ধারণার ভয়াবহ পরিণতির একটি উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় সাপ নিয়ে প্রচলিত নানা মিথ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করে, যা অনেক সময় জীবন বদলে দেওয়া সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়।
আরটিভি/এসকে





