
ইউরোপের উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্র পাড়ি দিতে গিয়ে আবারও ট্র্যাজেডির মুখে পড়েছেন এক দল অভিবাসনপ্রত্যাশী। গ্রিসের ফার্মাকোনিসি দ্বীপের অদূরে ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে একটি শিশু। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) উত্তাল সমুদ্রে ওই শিশুটির সন্ধানে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে গ্রিক কোস্টগার্ড। খবর আল আরাবিয়ার।
স্থানীয় সংবাদমাধ্যম এএনএ নিউজ জানিয়েছে, জনমানবহীন ক্ষুদ্র দ্বীপ ফার্মাকোনিসিতে ১৩ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছাতে সক্ষম হন। তবে সেখানে পৌঁছানোর পরই দলটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সঙ্গে থাকা এক কিশোর মাঝ সমুদ্রে নিখোঁজ হয়েছে। তুরস্কের উপকূলের ঠিক উল্টো দিকে অবস্থিত এই দ্বীপটির চারপাশে এখন কোস্টগার্ডের দুটি জাহাজ এবং বিমানবাহিনীর একটি হেলিকপ্টার শিশুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
অন্যদিকে দক্ষিণ গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একটি রাবার বোট থেকে আরও ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধার করে নিরাপদে ক্রিটের কালোই লিমেনেস গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, উন্নত জীবনের খোঁজে লিবিয়া বা তুরস্ক থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই মৃত্যুঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেন।
চলতি মাসের শুরুতেই ক্রিট উপকূলে ভাসমান একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যেখানে নিখোঁজ ছিলেন আরও ১৫ জন। লিবিয়ার তবরুক বন্দর থেকে রওনা হওয়া ওই নৌকার যাত্রীদের অধিকাংশই ছিলেন সুদান ও মিশরের নাগরিক।
জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী ক্রিট দ্বীপে পৌঁছেছেন, যা এজিয়ান সাগরের অন্য যেকোনো দ্বীপের তুলনায় অনেক বেশি।
আরটিভি/এআর




