ভয়াবহ তুষারপাতে জাপানে অর্ধ-শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ১

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৩ পিএম


ভয়াবহ তুষারপাতে জাপানে অর্ধ-শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

জাপানে বর্ষবরণের ছুটির আমেজ বিষাদে রূপ নিয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। শুক্রবার(২৬ ডিসেম্বর) গভীর রাতে জাপানের গুনমা প্রিফেকচারের কান-এৎসু এক্সপ্রেসওয়েতে তুষারপাতের মাঝে অন্তত ৫০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় টোকিওর এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি শহরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তুষারপাতের কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্যান্য গাড়িগুলো তুষারে ঢাকা সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক আছড়ে পড়তে থাকে। দুর্ঘটনাস্থলের এক প্রান্তে হঠাৎ আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও পড়ুন

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর লাগা আগুনে কান-এৎসু এক্সপ্রেসওয়ের প্রায় এক ডজনেরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে রণক্ষেত্রে পরিণত হয় পুরো মহাসড়ক। ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

জাপানের আবহাওয়া বিভাগ আগেই ভারী তুষারপাতের বিষয়ে সর্তকতা জারি করেছিল। নববর্ষের ছুটিতে অসংখ্য মানুষ যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই এই বিপর্যয় নেমে আসে। পুলিশ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে মহাসড়কের একাংশ বন্ধ রাখা হয়েছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষারে ঢাকা রাস্তায় যথাযথ সর্তকতা অবলম্বন না করায় এই চেইন রিঅ্যাকশন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission