
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিশতিয়ান এলাকায় তিন বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। পৃথক অন্য একটি ঘটনায় একই এলাকা থেকে তিন বছরের আরেক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিশতিয়ানের সদর থানা এলাকায় অবস্থিত ‘বস্তি ১০৬/এফ’ এর বাসিন্দা দুই যুবককে একটি বিয়ের অনুষ্ঠান থেকে খাবার আনতে পাঠানো হয়েছিল। পথিমধ্যে তারা তিন বছরের ওই শিশুটিকে দেখতে পায় এবং কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
শিশুটির স্বজনরা তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্বজনদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা গ্রেপ্তার হয়। বর্তমানে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্ষণের এই বিভীষিকাময় ঘটনার মধ্যেই চিশতিয়ানের ইসলামপুরা এলাকা থেকে আরেক ৩ বছরের শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। গত ২১ ডিসেম্বর বাড়ির সামনে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় হারাম ফাতিমা নামের শিশুটি।
শিশুটির মা শাবানা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে, তবে নিখোঁজ হওয়ার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অল্প সময়ের ব্যবধানে শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতন ও নিখোঁজ হওয়ার ঘটনায় চিশতিয়ান এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র: ডন
আরটিভি/এসকে




