
হরিয়ানা ভিত্তিক জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র সভাপতি আজয় সিং চৌতালা সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপিকে রাস্তায় তাড়া করে মারধর করতেই হবে এবং তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
এই মন্তব্যের পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি নেতারা আজয় চৌতালার এই বক্তব্যকে ‘গণতন্ত্রবিরোধী’ এবং ‘সংবিধানের ওপর আঘাত’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, বিরোধী নেতাদের এই ধরনের বক্তব্য ভারতের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অবজ্ঞার প্রকাশ। তিনি আরও জানান, বিরোধীরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দেশের স্বার্থকে অবহেলা করছে।
বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, এটি একটি সুপরিকল্পিত ভারতবিরোধী প্রচারণার অংশ, যেখানে রাহুল গান্ধীসহ অন্যান্য বিরোধী নেতারা ভারতের রাজনৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী কৃষাণ বেদিও আজয় চৌতালার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, একজন প্রবীণ নেতা হয়ে তিনি কীভাবে এমন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ভাষা ব্যবহার করতে পারেন। তিনি বলেন, এই ধরনের বক্তব্য ভারতের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে।
আরটিভি/এসকে


