
বাংলাদেশ ও শ্রীলঙ্কা বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একইসঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে আরও নিবিড় সম্পৃক্ততার সুযোগ অনুসন্ধানের বিষয়েও উভয় দেশ ঐকমত্য পোষণ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কলম্বোর জাতীয় সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়া’র কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করার ওপর জোর দিয়েছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকারের গৃহীত উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে সাদৃশ্যগুলো তুলে ধরেন; বিশেষ করে দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের প্রচেষ্টার মিল রয়েছে।
তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বেশ কিছু উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের প্রধান কর্মসূচিগুলোর উন্নয়ন দর্শন ও লক্ষ্যের মিল রয়েছে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ (পারিবারিক কার্ড) ও ‘ফার্মারস কার্ড’ (কৃষক কার্ড) কর্মসূচির কথা উল্লেখ করেন। এ ছাড়া পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের সরকারি পরিকল্পনার বিষয়টিও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, এসব কর্মসূচির সঙ্গে শ্রীলঙ্কার ‘প্রজা শক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ উদ্যোগের অভিন্ন লক্ষ্য রয়েছে যার মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশগত টেকসই অবস্থা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নকে শক্তিশালী করা।
উভয় পক্ষ নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করে। তারা স্বীকার করেন যে, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উভয় নেতাই নিয়মিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলোতে নিবিড় সমন্বয় বজায় রাখার বিষয়েও তারা একমত পোষণ করেন। বৈঠককালে কবির শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার সংসদ ভবনটি ঘুরে দেখেন; ভবনটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল।
দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কবিরের শ্রীলঙ্কা সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস
আরটিভি/আইএম

-1795055592-416527_1795055638.jpg)
