আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে উৎপাদিত জাফরান আবারও আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের ‘সুপিরিয়র টেস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ হেরাতের জাফরানকে দেওয়া হয়েছে।
ইনস্টিটিউট জানায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের শেফদের একটি প্যানেল স্বাদ, সুগন্ধ, রং ও সামগ্রিক গুণগত মানের ভিত্তিতে জাফরানগুলো মূল্যায়ন করেন। ‘হার্বস অ্যান্ড স্পাইসেস’ বিভাগের সব ক্যাটাগরিতে হেরাতের জাফরান শীর্ষে উঠে এসেছে। বিচারকরা এর উজ্জ্বল রং, সমৃদ্ধ স্বাদ ও স্বতন্ত্র সুগন্ধের প্রশংসা করেছেন।
টানা দশম বছর আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি পাওয়ায় হেরাতের জাফরান কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও দেশের অন্যান্য প্রদেশেও জাফরান চাষ বাড়ছে, তবুও হেরাতই আফগানিস্তানের প্রধান জাফরান উৎপাদন কেন্দ্র হিসেবে বহাল রয়েছে।
তবে জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি খরার কারণে উৎপাদনে প্রভাব পড়েছে। আফগানিস্তান স্যাফরান ইউনিয়নের তথ্য অনুযায়ী, চলতি সৌর বছরে জাফরানের উৎপাদন মাত্র ৪০ টন হয়েছে। পানির সংকট এবং কারিগরি সহায়তার অভাবে উৎপাদন কমে আসছে।
বিশেষজ্ঞরা বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি আফগানিস্তানের জাফরান রপ্তানি বাড়াতে, বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সাহায্য করবে। কৃষকদের জন্য উন্নত সেচব্যবস্থা ও বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে আফগানিস্তানের জাফরান বাজারে অবস্থান আরও দৃঢ় হবে।
আরটিভি/এসকে





