
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শারজায় দুই দলের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো একই ম্যাচে দেখা মিলেছে তিনটি ৫০০ বা তার বেশি রানের ইনিংসের। পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটি ড্র হলেও ব্যাটিংয়ের একাধিক রেকর্ডে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এই টেস্ট।
ম্যাচের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫০৪ রান। জবাবে ৫১৪ রান করে আফগানিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার অনন্য কীর্তি গড়ে দলটি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল রেকর্ডের ছড়াছড়ি। ৪১ বছর ৮২ দিন বয়সে অপরাজিত ২০৬ রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের ক্রেগ আরভিন। টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
এ ছাড়া ৪০ বছর ২৭৬ দিন বয়সে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। অন্যদিকে, ম্যাচের শেষ দিনে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন ওয়েলেসলি মাধেভেরে।
সব মিলিয়ে ম্যাচটিতে এসেছে সাতটি সেঞ্চুরি। দুই দলের তিন ইনিংস মিলিয়ে রান হয়েছে ১ হাজার ৫৪১। ফলাফল ড্র হলেও রেকর্ডের বিচারে জিম্বাবুয়ে-আফগানিস্তানের এই লড়াই টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আরটিভি/এসকে


