
ভারতের মহারাষ্ট্রের বারামতিতে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার(২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রা করা ‘ভিএসআর ভেঞ্চার্স’-এর লিয়ারজেট ৪৫ বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইতিমধ্যে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুসারে, বিমানটি বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের প্রায় ৩৫ মিনিট পর বারামতির কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পাশাপাশি প্রাণ হারিয়েছেন পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক ও কো-পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর। এছাড়াও বিমানে থাকা একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাধব ঘটনাস্থলেই নিহত হন।
পাইলট শম্ভাবী পাঠক ২০২২ সাল থেকে ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিউজিল্যান্ড ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক পাইলট প্রশিক্ষণ ও এভিয়েশন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) প্রদত্ত ফ্রোজেন এটিপিএলসহ একাধিক লাইসেন্স ও সার্টিফিকেশন তার ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশজুড়ে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এআর



