মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স। দুবাইয়ের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারলাইন্সটি জানিয়েছে, চলমান পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে বিশেষ নমনীয় নীতিমালা চালু করা হয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যেসব যাত্রার টিকিট ইস্যু করা হয়েছে, সেসব যাত্রী সর্বোচ্চ ৯ বার ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা কোনো জরিমানা ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।
বর্তমানে এমিরেটস প্রধান আন্তর্জাতিক রুটগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার এবং অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ফ্লাইটের টার্নঅ্যারাউন্ড সময়ও বাড়ানো হয়েছে।
ট্রানজিট যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, পরবর্তী ফ্লাইট নিশ্চিত না হলে ভ্রমণ শুরু না করাই উত্তম। অন্যদিকে, কার্গো কার্যক্রমও পুনরায় চালু হয়েছে, তবে কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে।
এ ছাড়া, চলমান পরিস্থিতিতে ভিসার মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত জরিমানায় বিশেষ ছাড় দেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে নিয়মিত আপডেট পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




