বুরুন্ডির বৃহত্তম শহর বুজুম্বুরাতে একটি গোলাবারুদ ডিপোতে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া ডিপোর কাছাকাছি অবস্থিত এক কারাগারের বেশ কয়েকজন বন্দি আহত হয়েছেন বলেও জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে শহরের মুসাগা এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, বৈদ্যুতিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শেল ও ধ্বংসাবশেষ প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে যায়। এতে আশপাশের কয়েকটি এলাকায় ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যদিও সরকারিভাবে এখনও হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের বরাতে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক নারী জানান, এমপিম্বা কেন্দ্রীয় কারাগারে আটক তার এক স্বজন বিস্ফোরণে নিহত হয়েছেন। ডিপোর কাছাকাছি অবস্থিত এ কারাগারের বেশ কয়েকজন বন্দি আহত হয়েছেন বলেও জানা গেছে।
শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় গিসান্দেমা এলাকায় একটি বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিস্ফোরণের পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।
দেশটির প্রেসিডেন্ট এভারিস্তে এনদায়িশিমিয়ে এক বার্তায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত বিস্ফোরণ চলতে থাকে। আমরা পরিবার নিয়ে দ্রুত ঘর ছেড়ে বের হয়ে যাই। কাঁচের টুকরো পড়ে আমার পায়ে আঘাত লাগে, বলেন তিনি।
স্থানীয়দের দাবি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণকে আশ্বস্ত করা জরুরি, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সূত্র: বিবিসি
আরটিভি/এমএইচজে




