লিবিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বা অনিয়মিতভাবে অবস্থান করা আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক নিজ ইচ্ছায় দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবেতর পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
আরটিভি/এসকে



