
জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সম্প্রতি প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন।
ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান।
একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, আমি তার (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না। সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।
বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি।
এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন।
সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।
১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি।
পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে ‘বিধ্বস্ত’ বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি।
ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো।নতুন ভাষা শিখুন
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সূত্র: বিবিসি
আরটিভি/এসআর


